আবদুল্লাহ্

By কাজী ইমদাদুল হক

Abdullah by Qazi Imdadul Haq — Bengali literary scene

Source: Original Bengali public-domain text from Bengali Wikisource.


আবদুল্লাহ্

১

বি-এ পরীক্ষার আর কয়েক মাস মাত্র বাকী আছে, এমন সময় হঠাৎ পিতার মৃত্যু হওয়ায় আবদুল্লার পড়া-শুনা বন্ধ হইয়া গেল।

পিতা ওলিউল্লার সাংসারিক অবস্থা

স্বচ্ছল

ছিল না। পৈতৃক সম্পত্তি যাহা ছিল, তাহা অতি সামান্য; শুধু তাহার উপর নির্ভর করিয়া থাকিতে হইলে সংসার চলিত না। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি পৈতৃক খোন্দকারী ব্যবসায়েরও উত্তরাধিকার পাইয়াছিলেন বলিয়া নিতান্ত অন্ন-বস্ত্রের জন্য তাঁহাকে বড় একটা ভাবিতে হয় নাই।

ওলিউল্লাহ্ পীরগঞ্জের পীর-বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। পূর্বে পীরগঞ্জের চতুষ্পার্শ্বে বহু গ্রামে ইহাদের মুরীদান ছিল বলিয়া পূর্বপুরুষগণ নবাবী হালে জীবন কাটাইয়া গিয়াছেন। কিন্তু কালক্রমে মুরীদানের সংখ্যা কমিয়া কমিয়া এক্ষণে সামান্য কয়েক ঘর মাত্র অবশিষ্ট থাকায় ইহাদের নিদারুণ অবস্থা-বিপর্যয় ঘটিয়াছে। সে প্রতিপত্তিও আর নাই, বার্ষিক সালামীরও সে প্রতুলতা নাই; কাজেই ওলিউল্লাকে নিতান্ত দৈন্যদশায় দিন কাটাইতে হইয়াছে। তথাপি যে দুই চারি ঘর মুরীদান তিনি পাইয়াছিলেন, তাহাদের নিকট প্রাপ্য বার্ষিক সালামীর উপর নির্ভর করিয়াই তিনি একমাত্র পুত্রকে কলিকাতায় রাখিয়া লেখা-পড়া শিখাইতেছিলেন। সুতরাং তাঁহার অকালমৃত্যুতে আবদুল্লার আর খরচ চালাইবার কোন উপায় রহিল না; বরং এক্ষণে কি উপায়ে সংসার চালাইবে, সেই ভাবনায় সে আকুল হইয়া উঠিল।

আবদুল্লার বিবাহ অনেক দিন পূর্বে হইয়া গিয়াছিল। তাহার শ্বশুরালয় একবালপুরে; শ্বশুর সৈয়দ আবদুল কুদ্দুস তাহার পিতার আপন খালাত’ এবং মাতার আপন ফুফাত’ ভাই ছিলেন। আবার সেই ঘরেই তাহার এক শ্যালক আবদুল কাদেরের সহিত আবদুল্লার একমাত্র ভগ্নী হালিমারও বিবাহ হইয়াছিল। এই বদল-বিবাহ আবদুল্লার পিতামহীর জীবদ্দশায় তাঁহারই একান্ত আগ্রহে সম্পন্ন হয়।

সৈয়দ আবদুল কুদ্দুসের মাতা আবদুল্লার পিতামহীর সহোদরা ছিলেন। এই দুই ভগ্নীর মধ্যে অত্যন্ত সম্প্রীতি ছিল; এবং তাঁহারা পরস্পরের নাতি-নাতিনীর বিবাহ দিবার জন্য বড়ই আগ্রহান্বিত ছিলেন। কিন্তু তাঁহাদের এ সম্প্রীতি সন্তানদিগের মধ্যে প্রসারিত হয় নাই; কেননা সৈয়দেরা সম্পন্ন গৃহস্থ এবং খোন্দকারেরা এক সময়ে যথেষ্ট ঐশ্বর্য ও সম্ভ্রমের অধিকারী থাকিলেও, আজ নিতান্ত দরিদ্র, ধরিতে গেলে একরূপ ভিক্ষোপজীবী। তাই আবদুল কুদ্দুস প্রথমে ওলিউল্লার সহিত বৈবাহিক সম্বন্ধ স্থাপনে নারাজ ছিলেন; কিন্তু অবশেষে মাতার সনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়া তাঁহাকে এই বদল-বিবাহে সম্মত হইতে হইয়াছিল।

বিবাহের পর হইতে হালিমা বৎসরের অধিকাংশ কালই শ্বশুরালয়ে থাকিত; কিন্তু আবদুল্লার শ্বশুর কন্যাকে অধিক দিন পীরগঞ্জে রাখিতেন না। তাই বলিয়া আবদুল্লার পিতা-মাতার মনে যে বিশেষ ক্ষোভ ছিল, এমত নহে। তাঁহারা বড় ঘরে একমাত্র পুত্রের বিবাহ দিয়া এবং না-খাইয়া না-পরিয়া তাহাকে লেখা-পড়া শিখিতে দিয়া, এই ভরসায় মনে মনে সুখী হইতেন যে, খোদা যদি দিন দেন, তবে পুত্র কৃতবিদ্য হইয়া যখন প্রচুর অর্থ উপার্জন করিবে, তখন বউ আনিয়া সাধ-আহ্লাদে মনের বাসনা পূর্ণ করিবেন। এখন সে বড় লোকের মেয়েকে আনিয়া কেবল খাওয়া-পরার কষ্ট দেওয়া বই ত নয়!

কিন্তু আবদুল্লার পিতার সে সাধ আর পূর্ণ হইল না; এমন কি মৃত্যুকালেও তিনি পুত্রবধূর মুখ দেখিতে পারিলেন না। আবদুল্লাহ্ বাটী আসিয়াই পিতার কঠিন রোগের সংবাদ শ্বশুরালয়ে পাঠাইয়াছিল, এবং হালিমাকে ও তাহার স্ত্রীকে সত্বর পাঠাইয়া দিতে অনুরোধ করিয়াছিল। কিন্তু তাঁহারা সে অনুরোধ রক্ষা করেন নাই।

আবদুল্লার সংসারে এখন এক মাতা এবং তাহার পিতামহের বাঁদী পুত্রের বিধবা স্ত্রী করিমন ভিন্ন অন্য কোন পরিজন নাই। করিমন বাঁদী হইলেও আপনার জনের মতই এই সংসারে জীবন কাটাইয়া বুড়া হইয়াছে। সে গৃহকর্মে আবদুল্লার মাতার সাহায্য করে এবং আবশ্যক মত বাজার-বেসাতিও করিয়া আনে।

এই ক্ষুদ্র সংসারটির খরচপত্র ওলিউল্লাহ্ যে ব্যবসায়ের আয় হইত কষ্টে-সৃষ্টে নির্বাহ করিতেন, আবদুল্লার সে ব্যবসায় অবলম্বনে একেবারেই প্রবৃত্তি ছিল না! সে ভাবিতেছিল, চাকুরী করিতে হইবে। যদিও সে বি-এটা পাশ করিতে পারিল না, তথাপি উপস্থিত ক্ষেত্রে সামান্য যে কোন চাকুরী তাহার পক্ষে প্রাপ্য হইতে পারে, তাহারই দ্বারা সে সংসারের অস্বচ্ছলতা দূর করিতে সমর্থ হইবে।

এইরূপ স্থির করিয়া আবদুল্লাহ্ তাহার মাতাকে গিয়া কহিল যে, সে আর পড়াশুনা করিবে না, কলিকাতায় গিয়া যা হোক্ একটা চাকুরীর চেষ্টা করিবে।

হঠাৎ পুত্রের এইরূপ সঙ্কল্পের কথা শুনিয়া মাতার মন বড়ই দমিয়া গেল। বি-এ পাশ করিয়া বড় চাকুরী করিবে কিংবা জজের উকীল হইবে—ইহাই আবদুল্লার চিরদিনের আশা; কি গভীর দুঃখে যে সে আজ সেই চিরদিনের আশা ত্যাগ করিয়া চাকুরীর সন্ধানে বাহির হইবার প্রস্তাব করিতেছে, মাতা তাহা বুঝিতে পারিলেন। তাই নিতান্ত

ব্যাকুল-কাতর দৃষ্টিতে পুত্রের মুখের দিকে চাহিয়া রহিলেন, কোন কথা কহিতে পারিলেন না।

আবদুল্লাহ্ তাহার মাতার কাতর দৃষ্টি সহিতে পারিল না! এক্ষণে কি বলিয়া তাঁহাকে সান্ত্বনা দিবে ঠিক করিতে না পারিয়া কহিতে লাগিল, “তা আর কি ক’রব আম্মা, এখন সংসার-খরচই চলবে কেমন ক’রে তাই ভেবে দিশে পাচ্ছিনে। যদি সুবিধে-মত একটা চাকুরী পাই তা হ’লে সংসারটাও চ’লে যাবে, ঘরে ব’সে প’ড়ে পাশ করাও যাবে……”

মাতার বুক ফাটিয়া একটা গভীর নিশ্বাস পড়িল। তিনি ধীরে ধীরে কহিলেন, “যা ভাল বোঝ, কর বাবা। সবই খোদার মর্জি।”

এই বলিয়া তিনি চুপ করিলেন। আবদুল্লাহ্ মনে মনে কলিকাতায় যাইবার দিন স্থির করিয়া কথা কি করিয়া পাড়িবে, তাহাই ভাবিতেছে, এমন সময় মাতা আবার কথা কহিলেন:

“একটা কাজ ক’ল্লে হয় না, বাবা?

আবদুল্লাহ্ সাগ্রহে জিজ্ঞাসা করিল, “কি কাজ আম্মা?”

“একবার মুরীদানে গেলে হয় না? তারা কি কিছু সাহায্য ক’রবে না তোর পড়া-শুনার জন্য?”

মাতা জানিতেন, আবদুল্লাহ্ খোন্দকারী ব্যবসায়ের উপর অত্যন্ত নারাজ; তবু যদি এই দুঃসময়ে তাহার মন একটু নরম হয়, এই মনে করিয়া তিনি একটু ভয়ে ভয়েই মুরীদানে যাইবার কথা তুলিলেন, কিন্তু তিনি যাহা ভয় করিয়াছিলেন, তাহাই হইল; আবদুল্লাহ্ একটু চঞ্চল হইয়া বলিয়া উঠিল, “না, আম্মা, সে আমাকে দিয়ে হবে না!”

মাতা নীরব হইলেন। আবদুল্লাহ্ দেখিল, সে তাহার মাতার মনে বেশ একটু আঘাত দিয়া ফেলিয়াছে। কিন্তু সে যখন নিজের বিশ্বাস প্রবৃত্তির বিরুদ্ধে কোন কাজ করিতে প্রস্তুত নহে, তখন তাহার মতের

সমর্থন করিয়া মাতাকে একটু বুঝাইবার জন্য কহিতে লাগিল, “আব্বাও ও কাজটা বড় পছন্দ ক’রতেন না; তবে আর উপায় ছিল না ব’লেই তিনি নিতান্ত অনিচ্ছায় মুরীদানে যেতেন। সেই জন্যই ত আমাকে তিনি ইংরেজী প’ড়তে দিয়েছিলেন, যাতে ও ভিক্ষের ব্যবসায়টা আর আমাকে না ক’রতে হয়।”

পুত্র যখন তর্ক উঠাইল, তখন মাতাও আর ছাড়িতে চাহিলেন না। তিনি তাহার যুক্তি খণ্ডাইবার জন্য কহিলেন, “তাই বুঝি? তোকে না তিনি মাদ্রাসায় দিয়েছিলেন? তারপর তুই তো নিজে ইচ্ছে করে মাদ্রাসা ছেড়ে ইংরেজী স্কুলে ভর্তি হ’লি।”

আবদুল্লাহ্ কহিল, “তা হয়েছিলাম বটে, কিন্তু তাতে কোন দিনই আব্বার অমত ছিল না। তিনি বরাবর ব’লতেন, মাদ্রাসা পাশ ক’রে বেরুলে আমাকে ইংরেজী প’ড়তে দেবেন। ইংরেজী না প’ড়লে আজ-কাল —”

মাতা বাধা দিয়া কহিলেন, “তাঁর ইচ্ছে ছিল, তুই মৌলবী হ’বি তার পরে একটু ইংরেজী শিখবি; তা না ফস্ ক’রে মাদ্রাসা ছেড়ে -ইংরেজী পড়া শুরু ক’রে দিলি। এ দিকও হ’ল না, ও-দিকও হ’লনা। “আজ যদি তুই মৌলবী হ’তিস, তবে আর ভাবনা ছিল কি! এখন কি আর মুরীদরা তোকে মান্‌বে?”

আবদুল্লাহ্ অবজ্ঞাভরে কহিল, “তা নাই বা মান্ল; আমি ত আর তাদের দুয়ারে ভিখ মাগতে যাচ্ছি না!”

মাতা অনুরাগ করিয়া কহিলেন, “ছি বাবা, অমন কথা ব’লতে নেই। মুরুব্বীরা সকলেই তো ঐ কাজ ক’রে গেছেন। যারা অবুঝ, তাদের হেদায়েত করার মত সওয়াবের কাজ কি আর আছে বাবা!”

“হ্যাঁ, হেদায়েত করা সওয়াবের কাজ বটে, কিন্তু তাতে পয়সা নেওয়াটা কোন মতেই সওয়াব হ’তে পারে না। বরং তার উল্টো।”

“তারা খুশী হ’য়ে সালামী দেয়, ওতে দোষ নেই, বাবা! সব দেশে, সকল জাতেই এ রকম দস্তুর আছে;—কেন, হিন্দুদের মধ্যে কি নেই!”

“তা থাক্‌লই বা; তাদের আছে ব’লেই যে আমাদের সেটা থাকতে হবে, এমন ত কোনো কথা নেই, আম্মা! আর এই পীর-মুরীদি ব্যবসায়টা হিন্দুদের পুরুতগিরির দেখা-দেখিই শেখা, নইলে হযরত তো নিজেই মানা ক’রে গেছেন, কেউ যেন ধর্ম সম্বন্ধে হেদায়েত ক’রে পয়সা না নেয়!”

আবদুল্লার এই বক্তৃতায় মাতা একটু অসহিষ্ণু হইয়া উঠিয়া কহিলেন, “ওই তো ইংরেজী পড়ার দোষ, কেবল বাজে তর্ক কত্তে শেখে; শরীয়ত্ মানতে চায় না। তুই যে পীরগোষ্ঠীর নাম-কাম বজায় রাখতে পারবি নে, তা আমি সেই কালেই বুঝেছিলাম। সে যাক্গে, যা হবার তা হ’য়ে গেছে, এখন কি ক’রবি; তাই ঠিক কর।”

আবদুল্লাহ্ একটু চিন্তা করিয়া কহিল, “পরীক্ষাটা যদি পাশ কর্তে পারতাম, তবে একটা ভাল চাকুরী জুট্তো। এখন চেষ্টা ক’ল্লে বড় জোর ত্রিশ কি চল্লিশ টাকা মাইনে পাওয়া যায় বটে, কিন্তু তার জন্যও মুরুব্বী চাই যে আম্মা! কাকে যে ধ’রব তাই ভাব্ছি।”

যদিও ওলিউল্লাহ্ পুত্রকে প্রথমে মাদ্রাসায় দিয়াছিলেন, তথাপি তাহাকে ইংরেজী পড়াইবার ইচ্ছা তাঁহার খুবই ছিল। ইংরেজী না শিখিলে দুরবস্থা ঘুচিবে না, তাহা তিনি বেশ বুঝিতে পারিয়াছিলেন। এদিকে ইংরেজী শিখিয়া লোকের ‘আকিদা’ খারাব হইয়া যাইতেছে, তাহাও তিনি স্বচক্ষে দেখিয়াছিলেন; কাজেই প্রথমে মাদ্রাসায় পড়াইয়া পুত্রের ‘আকিদা’ পাকা করিয়া লইয়া তাহাকে ইংরেজী পড়িতে দিবেন মনে মনে তাঁহার এইরূপ সঙ্কল্প ছিল। কিন্তু ‘জমাতে চাহ্‌রম’ পড়িয়াই যখন আবদুল্লাহ, মাদ্রাসার ইংরেজী-বিভাগে গিয়া ভর্তি হইল, তখন তিনি আর বাধা দেন নাই। তাহার পর ক্রমে এণ্টান্স্ ও এফ-এ পাশক রিয়া

যখন সে বি-এ পড়িতে লাগিল, তখন পুত্র হয় খুব বড় দরের চাকুরী পাইবে, না হয় উকীল হইয়া জেব ভরিয়া টাকা উপায় করিয়া আনিবে, এই আশা আবদুল্লার পিতা-মাতার অন্তরে জাগিয়া উঠিয়াছিল। তাঁহারা এই বলিয়া মনকে প্রবোধ দিলেন যে, ইংরেজী পড়িয়া সচরাচর ছেলেরা যেমন বিগড়াইয়া যায়, আবদুল্লাহ্ তেমন বিগড়ায় নাই। সে পাঁচ ওয়াক্ত নামায পড়ে, রোজা রাখে; পাকা মুসল্লির মত সকল বিষয়েই বেশ পর্‌হেজ করিয়া চলে। এ ক্ষেত্রে ইংরেজী পড়িয়া পুত্র যদি বড় লোক হইতে পারে, তাহাতে বাধা দিবেন কেন? খোদা উহাকে যেদিকে চালাইয়াছেন, ভালর জন্যই চালাইয়াছেন।

এক্ষণে স্বামীর অকালমৃত্যুতে পুত্রের বি-এ পাশের এবং বড় লোক হওয়ার আশা ভঙ্গ হইল; তাই আবদুল্লার জননীর মন বড়ই দমিয়া গিয়াছিল। যে হাকিম হইত অথবা অন্ততঃ জেলার একজন বড় উকীল হইতে পারিত, তাহার পক্ষে এখন সামান্য চাকুরীও মিলা দুষ্কর হইয়া পড়িয়াছে, ইহাই মনে করিয়া তাঁহার অশ্রু ঝরিয়া পড়িল। অঞ্চলে চক্ষু মুছিতে মুছিতে তিনি কহিলেন, “বাবা একটা কাজ ক’ল্লে হয় না?”

মাতার অশ্রুনিরুদ্ধ কণ্ঠ আবদুল্লাকে বিচলিত করিয়া তুলিল। সে যেন মাতার আদেশ তৎক্ষণাৎ পালন করিবার জন্য প্রস্তুত হইয়া জিজ্ঞাসা করিল, “কি কাজ, আম্মা।”

মাতা কহিলেন, “আমাদের এখন যেমন অবস্থা, তাতে ত আর অভিমান ক’রে থাকলে চলবে না, বাবা! তোর শ্বশুরের কাছে গিয়ে কথাটা একবার পেড়ে দেখ,—তিনি বড় লোক, ইচ্ছে ক’ল্লে অনায়াসে এই ক’টা মাস তোর পড়ার খরচটা চালিয়ে দিতে পারেন।”

এই প্রস্তাবে আবদুল্লার মন দমিয়া গেল। সে কি উত্তর দিবে ঠিক

করিতে না পারিয়া হঠাৎ বলিয়া ফেলিল, “পরের কাছে হাত পাততে ইচ্ছে করে না, আম্মা।”

মাতা আশ্চর্য হইয়া কহিলেন, “পর কিরে। তাঁর সঙ্গে যে তোর কেবল শ্বশুর-জামাই সম্পর্ক, এমন ত আর নয়!”

আবদুল্লাহ্ কিছুক্ষণ চুপ করিয়া রহিল। মাতা আবার কহিলেন, “কি বলিস্?”

আবদুল্লাহ্ কহিল, “বল্‌ব আর কি, আম্মা; তিনি যে সাহায্য ক’রবেন, এমন তো আমার মনে হয় না।”

“তিনি সাহায্য ক’রবেন না, আগে থেকেই তুই ঠিক করে রাখলি কি ক’রে? একবার ব’লেই দ্যাখ না?”

আবদুল্লাহ্ কহিল, “তিনি নিজের ছেলের সঙ্গে সেবার কেমন ব্যবহার ক’রেছিলেন, তা’ কি আপনি জানেন না আম্মা? আবদুল কাদের আর আমি যখন মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হই, তখন আব্বাকে আমি জানিয়েছিলাম, কিন্তু সে তার বাপের কাছে গোপন রেখেছিল। সে খুবই জানত যে, তার বাবা একবার জানতে পারলে আর কিছুতেই পড়ার খরচ দেবেন না; কেননা তিনি ইংরেজী শেখার উপর ভারী নারাজ। ফলে ঘ’টলও তাই; কয়েক বৎসর কথাটা গোপন ছিল, তার পর যখন আমরা ফার্ষ্ট ক্লাসে উঠলাম, তখন কেমন ক’রে যেন আমার শ্বশুর সে কথা জানতে পারলেন, আর অমনি বেচারার পড়া বন্ধ ক’রে দিলেন! আর আমি ইংরেজী পড়ি ব’লে আমার উপরও তিনি সেই অবধি নারাজ হ’য়ে আছেন। হয়ত বা মনে করেন যে, আমিই কুপরামর্শ দিয়ে তাঁর ছেলেকে খারাব ক’রে ফেলেছি।

মাতা কহিলেন, “তা তিনি দিনদার পর্‌হেজগার মানুষ, তাঁর ইচ্ছে ছিল ছেলেকে আরবী পড়িয়ে মৌলবী করেন। ছেলে যখন বাপের

অবাধ্য হ’ল, আবার কথাটা এদ্দিন গোপন রাখলে, তখন ত তাঁর রাগ হবারই কথা! তুই ত আর বাপের অমতে ইংরেজী প’ড়তে যাস্‌নি, তোর উপর তিনি কেন নারাজ হ’তে যাবেন?

আবদুল্লাহ্ কহিল, “কিন্তু আমার মনে হয় আম্মা, তিনি আমাকে বড় ভাল চোখে দেখেন না। দেখুন, আব্বার ব্যারামের সময় নিজে তো কোন খবর নিলেনই না, “আবার হালিমাকে কি আপনাদের বউকে,—কাউকে পাঠালেন না…”

মাতা বাধা দিয়া কহিলেন, “সে তো তাঁর দোষ নয়, বাবা! তিনি যে তখন বাড়ী ছিলেন না। তার পর যদিই বা বাড়ী এলেন, নিজেই শয্যাগত হ’য়ে পড়’লেন, নইলে কি আর তিনি আসতেন না?”

বড় আদরের একমাত্র মেয়ে-পুত্রবধূকে স্বামী মৃত্যুকালে দেখিতে চাহিয়াও দেখিতে পান্ নাই, এই কথা মনে করিয়া আবদুল্লাহ্-জননীর শোক আবার উথলিয়া উঠিল। তিনি ভগ্ন কণ্ঠে কহিতে লাগিলেন, “যাক্ সে সব কথা—বরাতে যা ছিল হ’য়ে গেছে, তা নিয়ে এখন মন ভার ক’রে থেকে আর কি হবে! দোষ কারুরই নয় বাবা, সবই খোদার মর্জি। তুই অনর্থক অভিমান ক’রে থাকিস নে। আর তোর শ্বশুর যে আমাদের নিতান্ত আপনার জন; তাঁর সঙ্গে আর অভিমান কি বাবা!”

আবদুল্লার শ্বশুর যে বাস্তবিকই একজন বড় লোক ছিলেন, তাহা নহে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ হইয়াও তাঁহার মনে বড় লোকের আত্মম্ভরিতাটুকু পূরা মাত্রায় বিরাজ করিত। তাঁর অপেক্ষা কিঞ্চিৎ হীনাবস্থার লোককেই তিনি কৃপার চক্ষে দেখিতেন। এরূপ চরিত্রের লোক পিতার খালাত’ এবং মাতার ফুফাত’ ভাই হইলেও তাঁহাকে “নিতান্ত আপনার জন” বলিয়া মনে করিয়া লইতে আবদুল্লার প্রবৃত্তি

ছিল না। কিন্তু সে তাহার স্নেহ-পরায়ণ।” মাতার বড়ই অনুগত ছিল; তাঁহার নিজের ফুফাত’ ভাইয়ের প্রতি সনির্বন্ধ বিরাগ দেখাইলে পাছে তাঁহার মনে কষ্ট হয়, এই ভাবিয়া সে অবশেষে কহিল, “তা আপনি যখন বল্ছেন আম্মা, তখন একবার তাঁর কাছে গিয়েই দেখি।

মাতা প্রীত হইয়া কহিলেন, “হ্যাঁ বাবা তাই যা, আর দেরী করিসনে। আমি বলি কাল ভোরেই বিসমিল্লাহ্ বলে রওয়ানা হও।”


২

পরদিন রাত্রি শেষ না হইতেই আবদুল্লার মাতা শয্যাত্যাগ করিয়া উঠিলেন এবং তাড়াতাড়ি চারিটী ভাত রাঁধিয়া যখন আবদুল্লাকে ডাকিতে গেলেন, তখনও আকাশ পরিষ্কার হয় নাই। মাতার আহ্বানে আবদুল্লাহ্ শয্যার উপর উঠিয়া চোখ কচ্লাইতে কচ্লাইতে কহিল, “এত রাত থাক্‌তে!”

“বাঃ রাত আর কোথায় রে? কাক-কোকিল সব ডেকে উঠলো যে! নে ওঠ্, নামাযটা প’ড়ে চাট্টি খেয়ে বেরিয়ে পড়্।

“এত ভোরে আবার খাব কি আম্মা?”

“চাট্টি ভাত রেঁধে রেখেছি বাবা—”

“আপনি বুঝি রাত্রে আর ঘুমোন নি, ব’সে ব’সে ভাত রেঁধেছেন?”

মাতা একটু হাসিয়া করিলেন, “দেখ, হাবা ছেলে বলে কি শোন। চাট্টি ভাত রাঁধতে বুঝি সারা রাত জাগতে হয়? আমি ত এই একটু আগেই উঠ্লাম। এতটা পথ যাবি, চাট্টি খেয়ে না গেলে পথে ক্ষিধেয় কষ্ট পাবি যে, বাবা।”

আবদুল্লাহ্ আলস্থ ত্যাগ করিতে করিতে কহিল, “তা খাওয়াটা একটু বেলা উঠলেও তো হ’তে পারতো।”

“বেলা উঠে গেলে রোদে কষ্ট পাবি। নে, এখন ওঠ; আর আলিস্যি করিস্ নে।”

আবদুল্লাহ্ কহিল, “রোদে কষ্ট পাব কেন, আম্মা, আমি তো আর এক টানে অতটা পথ হাঁটব না, পথে জিরিয়ে যাব ঠিক ক’রেছি।”

“কোথায় জিরুবি?”

“কেন, শাহ্ পাড়ায় গোলদারদের বাড়ী? তারা লোক বড় ভাল, আমাকে খুব খাতির করে।”

মাতা মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিলেন, “তারা যে তোদের মুরীদান, তাদের বাড়ী যাবি? শেষকালে যদি……”

আবদুল্লাহ্ বাধা দিয়া কহিল, “ওঃ, আমি বুঝি সেখানে খোনকারী ক’র্‌তে যাব! এমনি যাব মেহমানের মত। একবেলা একটু জিরিয়ে আবার বেলা প’ড়লে বেরিয়ে প’ড়ব!”

“যদি তারা সালামী-টালামী দেয়?”

“দিলেই অমনি নিয়ে নিলুম আর কি!”

“তারা যে তা হ’লে বড্ড বেজার হবে, বাবা।”

“তা হলে আর কি করব আম্মা। যতদূর পারি তাদের বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিতে চেষ্টা ক’রতে হবে।”

এমন সহজলভ্য উপজীবিকা যাহাদের চিরদিনের অভ্যাস, অতি সামান্য হলেও তাহাদের পক্ষে উহার আশা পরিত্যাগ করা কঠিন, তাই মাতা মনে মনে একটু ক্ষুণ্ণ হইলেন। এখনও যদি আবদুল্লাহ্ একবার মুরীদানে গিয়া ঘুরিয়া আসে, তাহা হইলে তাহার পড়ার ভাবনা থাকে না। কিন্তু সে কিছুতেই রাজি হইবে না; অগত্যা তিনি ভাবিলেন, থাক্, যে কাজে উহার মন যায় না সে কাজের জন্য পীড়াপীড়ি করা ভাল নহে। খোদা অবশ্যই একটা কিনারা করিয়া দিবেন।

আবদুল্লার ইচ্ছা ছিল একটু বেলা হইলে ধীরে-সুস্থে বাটী হইতে বাহির

হইবে; কিন্তু মাতার পীড়াপীড়িতে ফজরের নামায বাদেই তাহাকে দুটী খাইয়া রওয়ানা হইতে হইল।

একবালপুর তাহাদের বাটী হইতে আট ক্রোশ। পিতা বাঁচিয়া থাকিতে আবদুল্লাকে কখনও এতটা পথ হাঁটিয়া যাইতে হয় নাই; গরুর গাড়ী অথবা কোন কোন সময়ে পাল্কী করিয়া সে শ্বশুরালয়ে যাতায়াত করিয়াছে। কিন্তু এক্ষণে টানাটানির সংসারে মিতব্যয়িতার নিতান্ত দরকার বুঝিয়া সে হাঁটিয়াই চলিয়াছে। মাতা অনেক পীড়াপীড়ি করিয়াছিলেন, দুই এক টাকা গাড়ী ভাড়া দিলে কতই বা টানাটানি বাড়িত! কিন্তু সে কিছুতেই গাড়ী লইতে রাজি হয় নাই।

গ্রামখানি পার হইয়াই আবদুল্লাহ্ এক বিস্তীর্ণ মাঠের মধ্যে আসিয়া পড়িল। তখন শরৎকাল প্রায় শেষ হইয়া আসিয়াছে। মাঠগুলি ধান্যে পরিপূর্ণ; মৃদুমন্দ বায়ুহিল্লোলে তাহাদের শ্যামল হাস্যে ক্ষণে ক্ষণে তরঙ্গায়িত হইয়া উঠিতেছে। এই অপূর্ব নয়ন তৃপ্তিকর দৃশ্য দেখিতে দেখিতে এবং শারদীয় প্রভাতের সুখ-শীতল সমীরণের মধুর স্পর্শ অনুভব করিতে করিতে আবদুল্লাহ্ মাঠের পর মাঠ এবং গ্রামের পর গ্রাম পার হইয়া চলিতে লাগিল।

ক্রমে বেলা বাড়িয়া উঠিল এবং ক্লান্ত পথিকের পক্ষে হৈমন্তিক রৌদ্রও অসহ্য বোধ হইতে লাগিল। সুতরাং তিন চারি ক্রোশ পথ হাঁটিবার পর শ্রান্তি দূর করিবার জন্য আবদুল্লাহ্ এক মাঠের প্রান্তে বৃক্ষতলে বসিয়া পড়িল।

কিয়ৎক্ষণ বিশ্রামের পর যখন তাহার মন বেশ প্রফুল্ল হইয়া উঠিল, তখন নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নানা কথা মনে উঠিতে লাগিল। এতদিন সে যে উচ্চ আশা হৃদয়ে পোষণ করিয়া আসিতেছিল, তাহা সফল হইবার সম্ভাবনা না থাকিলেও, ক্লান্তদেহে আজ বটবৃক্ষতলে বসিয়া সে মনে মনে

ভবিষ্যতের যে চিত্রটী আঁকিতেছিল, তাহা নিতান্ত উজ্জ্বলতাহীন নহে। সে ভাবিতেছিল চাকুরী তাহাকে করিতেই হইবে, আর কোন উপায় নাই। সরকারী চাকুরী তো পাওয়া কঠিন, মুরুব্বী না ধরিতে পারিলে সামান্য কেরাণীগিরিও জুটিবে না। কিন্তু মুরুব্বী কোথায় পাইবে? কাহাকে ধরিবে? সোজাসুজি গিয়া সাহেব-সুবার সঙ্গে সাক্ষাৎ করিয়া একবার চেষ্টা করিয়া দেখা যাইতে পারে। কিন্তু কি চাকুরীর জন্য চেষ্টা করিবে? পুলিশের?—নাঃ, ও চাকুরীটা ভাল নয়। সবরেজিষ্টারী?— ওটা পাওয়া বড় কঠিন না হইতে পারে; কত এণ্ট্রান্স ফেল সবরেজিষ্টার হইতেছে, কিন্তু অনেক দিন এপ্রেণ্টিসি করিতে হয়; ততদিন চলিবে কিসে? একটা মাষ্টারী পাইলে মন্দ হয় না; ত্রিশ কি চল্লিশ টাকা মাহিনা পাওয়া যাইতে পারে, চাই কি একটা টুইশন যোগাড় করিতে পারিলে আরও দশ-বিশ টাকা পাওয়ার সম্ভাবনা আছে। আরও বিশেষ সুবিধা এই যে, মাষ্টারী করিতে করিতে বি-এ পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া যাইবে। একটা মস্ত লাভ। আর কোন চাকুরীতে এই সুবিধাটা হইবে না। শ্বশুর তো সাহায্য করিবেনই না, তাহা জানা আছে; কেবল আম্মাকে সন্তুষ্ট করিবার জন্য একবার তাঁহার কাছে যাওয়া। তা’ তিনি সাহায্য নাই করিলেন, পরের সাহায্য গ্রহণ না করিতে হইলেই ভাল। আবদুল্লাহ্, মাষ্টারী করিবে; বি-এ পাশ করিয়া তাহার চিরদিনের ঐকান্তিক বাসনা পূর্ণ করিয়া জীবন সফল করিবে। হাতে কিছু টাকা জমাইয়া আবার কলিকাতায় দুই বৎসর আইন পড়িবে—এখানেও একটী টুইশন যোগাড় করিয়া লইবে। পাশ করিয়া যখন সে ওকালতী আরম্ভ করিবে তখন আর ভাবনা কি?—চাই কি, তখন দেশের কাজে, সমাজের কাজে উঠিয়া-পড়িয়া লাগিয়া যাইবে। ইংরেজী শিক্ষার বিস্তার, স্ত্রী-শিক্ষার প্রবর্তন প্রভৃতি ব্যাপারে সে জীবন উৎসর্গ করিয়া ধন্য হইবে। এই

সকল সংস্কার হুসম্পন্ন না হইলে, বিশেষতঃ যতদিন স্ত্রী-শিক্ষা সমাজে প্রচলিত করা না যাইতেছে, ততদিন মুসলমানদের কুসংস্কারের আবর্জনা দূর হইবে না; এবং তাহা না হইলে সমাজের উন্নতি একেবারেই অসম্ভব। আবদুল্লাহ্ মনে মনে স্থির করিয়া ফেলিল যে, খোদা যদি দিন দেন, তবে স্ত্রী-শিক্ষার জন্য তাহার যথাসর্বস্ব পণ করিয়া ফেলিবে।

এইরূপ সুমহৎ সঙ্কল্প করিতে করিতে হঠাৎ আবদুল্লার চৈতন্য হইল যে, বেলা অনেক বাড়িয়া গিয়াছে। শাহ্পাড়ায় পৌঁছিতে এখনও এক ক্রোশ পথ বাকী; কাজেই তাড়াতাড়ি উঠিয়া তাহাকে আবার পথ লইতে হইল।


৩

আবদুল্লাহ্ যখন শাহ্পাড়ার গোলদার বাড়ী আসিয়া পৌঁছিল, তখন বেলা প্রায় দ্বিপ্রহর। সংবাদ পাইয়া গৃহস্বামী কাসেম গোলদার ব্যস্ত-সমস্ত হইয়া ছুটিয়া আসিল এবং তাহার দীর্ঘ শুভ্র শ্মশ্রুরাজি ভূলুণ্ঠিত করিয়া আবদুল্লার ‘কদমবুসি’ করিতে উদ্যত হইল! এ ধরনের অভিনন্দনের জন্য আবদুল্লাহ্ একেবারেই প্রস্তুত ছিল না। পথে হঠাৎ সাপ দেখিলে মানুষ যেমন এক লম্ফে হটিয়া দাঁড়ায়, সেও তেমনি হটিয়া গিয়া বলিয়া উঠিল, “আহা, করেন কি, করেন কি, গোলদার সাহেব।”

কাসেম গোলদার বড়ই সরলপ্রাণ, ধর্মপরায়ণ, পীরভক্ত লোক। আবদুল্লার পিতা তাহার পীর ছিলেন; এক্ষণে তাঁহার মৃত্যুতে আবদুল্লাহ্ তাঁহার স্থলাভিষিক্ত বলিয়া মনে করিয়া লইয়া সে আবদুল্লার ‘কদমবুসি’ করিবার জন্য নত মস্তকে হাত বাড়াইয়াছিল। কিন্তু আবদুল্লাহ্ পা টানিয়া লওয়ায় সে উহা স্পর্শ করিতে পাইল না; তাহার মনে হইল বেহেশতের দুয়ারের চাবি তাহার হাতের কাছ দিয়া সরিয়া গেল। বড়ই মর্মপীড়া পাইয়া রুদ্ধ কণ্ঠে কাসেম কহিতে লাগিল, “আমাদের কি পায়ে ঠেললেন, হুজুর! আমরা আপনাদের কত পুরুষের মুরীদ! আপনার কেবলা সাহেব তাঁর এই গোলামের উপর বড়ই মেহেরবান ছিলেন; আপনি আমাদের পায়ে না রাখলে কি উপায় হবে, হুজুর!”

কাসেমের মানসিক অবস্থা উপলব্ধি করিয়া আবদুল্লাহ্ বড়ই অপ্রস্তুত হইয়া গেল। চিরদিনের সংস্কার বশে যে ব্যক্তি তাহাকে পূর্ব হইতেই

পীরের পদে প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছে এবং আজ সরল বিশ্বাসে প্রাণের ঐকান্তিক ভক্তি ও শ্রদ্ধা অঞ্জলি ভরিয়া নিবেদন করিবার জন্য উন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে, আবদুল্লার এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যান যে সে ব্যক্তির প্রাণে গুরুতর আঘাত দিবে ইহা আর বিচিত্র কি! কিন্তু উপায় নাই। এ আঘাত অনেককেই দিতে হইবে এবং অনেকবার তাহাকে এইরূপ অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হইতে হইবে।

আবদুল্লাহ্ কহিল, “অমন কথা বলবেন না, গোলদার সাহেব। আমার বাপ-দাদা সকলেই পীর ছিলেন মানি, কিন্তু আমি ত তাঁদের মত পীর হবার যোগ্য হইনি। ও-কাজটা আমার দ্বারা কোন মতেই হবে না। তা ছাড়া আপনি বৃদ্ধ, সুতরাং আমার মুরুব্বী; এ ক্ষেত্রে আমারই উচিত আপনার “কদমবুসি করা।”

কাসেম শিহরিয়া উঠিয়া দাঁতে জিভ কাটিয়া কহিল, “আরে বাপ্‌ বাপ্! এমন কথা ব’লে আমাকে গোনাহ্ গার করবেন না, হুজুর! যে বংশে খোদা আপনাকে পয়দা করেছেন, তার এক বিন্দু রক্ত যাঁর গায়ে আছে, তিনিই আমাদের পীর, আমাদের মাথার মণি! আপনাদের পায়ের একটুখানি ধূলো পেলেই আমাদের আখেরাতের পথ খোলাসা হয়ে যায়, হুজুর!

আবদুল্লাহ্ একটুখানি হাসিয়া কহিল, “খোদা না করুন যেন আখেরাতের পথ খোলাসা ক’রবার জন্যে কাউকে আমার মত লোকের পায়ের ধূলো নিতে হয়! তা যাকগে, এখন আমি যে এতটা পথ হেঁটে হয়রান হয়ে এলাম, আমাকে একটু বিশ্রাম করতে দিতে হবে, সে কথা কি ভুলে গেলেন গোলদার সাহেব?”

কাসেমের চৈতন্য হইল। তাই ত! এতক্ষণ সে কথাটা যে তাহার খেয়ালেই আসে নাই। তখনই, “ওরে বিছানাটা পেতে দে, পানি আন্, তৈল আন্, গোসলের যোগাড় কর” ইত্যাকার সোরগোল পড়িয়া গেল।

আবদুল্লাহ যখন মুরশিদের প্রাপ্য ভক্তি-নিদর্শনগুলি গ্রহণ করিয়া কাসেমের মনের বাসনা পূর্ণ করিতে অস্বীকার করিল, তখন সে অন্ততঃ মেহ্‌মানদারী বাবদে সে ত্রুটি ষোল আনা সংশোধন করিয়া লইতে চেষ্টা করিল। সময়াভাবে এ-বেলা কেবল মোরগের গোশত এবং মুগের ডা’ল প্রভৃতির দ্বারা কোন প্রকারে মেহ্‌মানের মান রক্ষা হইল বটে, কিন্তু রাতের জন্য বড় এক জোড়া খাশীর এবং সেই উপলক্ষে গ্রামের প্রধান ব্যক্তিগণকেও দা’ওৎ করিবার বন্দোবস্ত হইয়া গেল।

এদিকে বেলা প্রায় তিন প্রহরের সময় আহারাদি সম্পন্ন করিয়া যখন আবদুল্লাহ্ কাসেম গোলদারকে ডাকিয়া কহিল যে, আর বিলম্ব করিলে চলিবে না, তাহাকে এখনই রওয়ানা হইতে হইবে, নহিলে সন্ধ্যার পূর্বে একবালপুরে পৌঁছিতে পারিবে না, তখন কাসেমের মাথায় যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল। সে হাত দুটী যোড় করিয়া এমনই কাতর মিনতিপূর্ণ দৃষ্টি তাহার মুখের উপর স্থাপন করিল যে, বেচারা বুড়া মানুষের মনে দ্বিতীয়বার দুঃখ দিতে আবদুল্লার মন সরিল না। সুতরাং সে সেখানেই সেদিনকার মত রাত্রিবাস করিতে রাজি হইয়া গেল। আনন্দে উৎফুল্ল হইয়া কাসেম তৎক্ষণাৎ কোমর বাঁধিয়া যথারীতি আয়োজনে লাগিয়া পড়িল।

সারাটা বৈকাল এবং রাত্রি এক প্রহর ধরিয়া লোকজনের আনাগোনা চীৎকার, বালক-বালিকাগণের গণ্ডগোল এবং ডেগ্চি কাফগীরের ঘনসঙ্ঘাতে গোলদার-বাড়ী মুখরিত হইতে লাগিল। এই বিরাট ব্যাপার দেখিয়া আবদুল্লাহ, ভাবিতে লাগিল, মুসলমান সমাজে পীর-মুরশিদের সম্ভ্রম ও মর্যাদা কত উচ্চ। গোলদারেরা না হয় সঙ্গতিপন্ন গৃহস্থ; ইহাদের পক্ষে মুরশিদের অভ্যর্থনার জন্য অম্লানবদনে অর্থব্যয় করা অসম্ভব না হইতে পারে। কিন্তু নিতান্ত দরিদ্র যে, সে-ও তাহার বহু যত্নপালিত

খাশী-মূরগীর মায়া গৃহাগত মুরশিদের সেবায় উৎসর্গ করিয়া এবং মহাজনের নিকট হইতে উচ্চ হারের সুদে গৃহীত ঋণের শেষ টাকাটী সালামী স্বরূপ তাঁহার চরণপ্রান্তে ফেলিয়া দিয়া বেহেশতের পাথেয় সঞ্চয় হইল ভাবিয়া আপনাকে ধন্য মনে করে।

রাত্রে আহারাদির পর কাসেম কয়েক জন মাতব্বর লোক লইয়া এক মজলিস বসাইল এবং তাহাদের এই একমাত্র পীর-বংশধর যে পৈতৃক ব্যবসায় পরিত্যাগ করিয়া হতভাগ্য মুরীদগণের পারত্রিক কল্যাণ সম্বন্ধে একেবারে উদাসীন হইয়া পড়িয়াছেন ইহাই লইয়া নানা ছন্দোবন্ধে দুঃখ প্রকাশ করিতে আরম্ভ করিল। এই পীরগোষ্ঠী যে কত বড় কেরামতকুশল, সমাগত লোকদিগকে তাহা বুঝাইবার জন্য সে আবদুল্লার পূর্বপুরুষগণের বিষয়ে অনেক গল্প বলিতে লাগিল।

প্রথম যিনি আরব হইতে পীরগঞ্জে আসেন —সে কত কালের কথা, তাহার ঠিকানা নাই;—তিনি প্রকাণ্ড এক মাছে চড়িয়া সাগর পার হইয়াছিলেন; তাই তাঁহাকে সকলে ‘মাহী সওয়ার’ বলিত। তিনি কত বড় পীর ছিলেন, তাঁহার “দস্ত-মোবারকের” স্পর্শমাত্রেই কেমন করিয়া:মরণাপন্ন রোগীও বাঁচিয়া উঠিত, ঘরে বসিয়াই তিনি কেমন করিয়া বহুক্রোশ দূরবর্তী নদীবক্ষে মজ্জমান নৌকা টানিয়া তুলিয়া ফেলিতেন এবং সেই ব্যাপারে কিরূপে তাঁহার আস্তিন ভিজিয়া যাইত, আকাশে হাত তুলিয়া “আও—আও” বলিয়া ডাকিতেই কোথা হইতে হাজার হাজার কবুতর আসিয়া জুটিত এবং তিনি হাত নাড়িয়া কি প্রকারে আস্তিনের ভিতর হইতে রাশি রাশি ধান, ছোলা, মটর প্রভৃতি বাহির করিয়া তাহাদিগকে খাওয়াইতেন, সে সকল ঘটনা সালঙ্কারে বর্ণন করিয়া কাসেম সকলকে স্তম্ভিত ও চমৎকৃত করিয়া দিল। আবার শুধু তিনিই যে একলা পীর ছিলেন, এমত নহে, তাঁহার বংশেও অনেক বড় বড় পীর জন্মিয়া

গিয়াছেন; এমন কি, কেহ কেহ শিশুকালেই এমন আশ্চর্য কেরামত দেখাইয়াছেন যে, তাহা ভাবিলেও অবাক্ হইতে হয়। ‘মাহী সওয়ার’ পীর সাহেবের পৌত্র কিংবা প্রপৌত্রের একটা বড় আদরের কাঁঠাল গাছ ছিল। একবার তাহাতে একটামাত্র কাঁঠাল ফলিয়াছিল, সেটা তিনি নিজে খাইবেন বলিয়া ঠিক করিয়া রাখিয়াছিলেন। কিন্তু তাঁহার অনুপস্থিতকালে তাঁহার এক বালক পুত্র ঐ কাঁঠাল পাড়িয়া খাইয়া ফেলেন। বাটী আসিয়া পীর সাহেব যখন দেখিলেন যে গাছে কাঁঠাল নাই, তখন তিনি বড়ই রাগান্বিত হইয়া সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, কে উহা খাইয়াছে। সকলেই জানিত, কিন্তু ভয়ে কেহ বলিল না। অবশেষে তিনি পুত্রের বিমাতার নিকট জানিতে পারিলেন কাহার এই কাজ। তখন পুত্রের তলব হইল; কিন্তু তিনি অস্বীকার করিলেন এবং কহিলেন, “কেন; বাপ-জান, কেহ ত সে কাঠাল খায় নাই, গাছের কাঁঠাল গাছেই আছে!”

তাহার পর পীর সাহেব গিয়া দেখেন সত্যসত্যই গাছের কাঁঠাল গাছেই ঝুলিতেছে! দেখিয়া ত তিনি অবাক্ হইয়া গেলেন, কিন্তু ব্যাপার কি, তাহা বুঝিতে বাকী রহিল না। তখন তাঁহার বড় গোস্বা হইল; তিনি বলিলেন, “কেয়া এক ঘরমে দো পীর! যাও বাচ্চা, সো রহো।” সেই যে বাচ্চা গিয়া শুইয়া রহিলেন, আর উঠিলেন না!

আবদুল্লাহ্ নিতান্ত নিরুপায় হইয়া বসিয়া বসিয়া কাসেমের এই সরল বিশ্বাসের উচ্ছ্বাস-রঞ্জিত উপাখ্যানগুলি জীর্ণ করিতেছিল। ক্রমে রাত্রি অধিক হইয়া চলিল দেখিয়া অবশেষে মজলিস ভঙ্গ করিয়া সকলে উঠিয়া গেল। অতঃপর আবদুল্লাহ্ শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, পুত্রের পীরত্বে পিতার হৃদয়ে এরূপ সাংঘাতিক হিংসার উদ্রেক আরোপ করিয়া ইহারা পীর-মাহাত্ম্যের কি অদ্ভুত আদর্শ ই মনে মনে গড়িয়া তুলিয়াছে!

1 / 1
Ready Not connected